খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন : ডা. জাহিদ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্, december ২৮, ২০২৫

ফাইল ছবি

চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। তিনি বর্তমানে একটি সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে কোনো পূর্বঘোষণা ছাড়াই সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। এ সময়ের ভিডিও পরে বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, ‘স্বাভাবিকভাবে ওনার অবস্থার উন্নতি হয়েছে-এ কথা বলা যাবে না। ওনার অবস্থা অত্যন্ত জটিল এবং উনি এখন একটি সংকটময় মুহূর্ত পার করছেন।’

তিনি জানান, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটে। এরই ধারাবাহিকতায় প্রথমে কেবিন থেকে সিসিইউ এবং পরে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

চিকিৎসা প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও চিকিৎসা কার্যক্রমে যুক্ত রয়েছেন।

এর আগে ১৭ বছর পর যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে দেশে ফিরে গত বৃহস্পতিবার মাকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দিনভর বিভিন্ন কর্মসূচি শেষে তিনি আবারও হাসপাতালে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। প্রায় দুই ঘণ্টার বেশি সময় সেখানে অবস্থান করে রাত ১১টা ৫৮ মিনিটে হাসপাতাল ত্যাগ করেন তিনি।

Nagad

উল্লেখ্য, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।