১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রকাশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ১০ দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ, বিজিবি, র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে এবং তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
তিনি জানান, তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব না হলেও মামলার অগ্রগতি সন্তোষজনক। এ পর্যন্ত মামলায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, গার্লফ্রেন্ড মারিয়া আক্তার লিমা ও আরও কয়েকজন। এদের মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং ৪ জন সাক্ষী ১৬৪ ধারায় সাক্ষ্য দিয়েছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, ম্যাগাজিন, ছোরা, ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেটসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ, গুলির খোসা, বুলেট এবং প্রায় ৫৩টি অ্যাকাউন্টের ২১৮ কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, প্রাপ্ত তথ্য, সাক্ষ্য ও আলামত বিশ্লেষণ করে তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৭ জানুয়ারি ২০২৬-এর মধ্যে মামলার চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হবে। এ বিষয়ে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি।

