নির্বাচন ও গণভোটের জন্য সরকার পুরোপুরি প্রস্তুত: ড. ইউনূস
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচনকে সামনে রেখে শান্তি বিঘ্নিত করার যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও তিনি জানান।
রোববার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বিদায়ী সাক্ষাতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
সাক্ষাতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার উদ্যোগসহ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশে এক ঘটনাবহুল সময় শেষে নিজ দেশে ফিরে যাচ্ছেন উল্লেখ করে ট্রেসি অ্যান জ্যাকবসন গত ১৭ মাসে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। একই সঙ্গে ফেব্রুয়ারির নির্বাচন আয়োজনের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে সরকারের অঙ্গীকার পুনরুল্লেখ করে বলেন, সংসদ নির্বাচন ও গণভোট—উভয়টির সফল আয়োজন নিশ্চিত করতে পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ সময় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারগুলোর প্রশংসা করেন। বিশেষ করে শ্রম আইন সংস্কারকে ‘উল্লেখযোগ্য ও ব্যতিক্রমী’ আখ্যা দিয়ে তিনি বলেন, এসব উদ্যোগ বাংলাদেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে। পূর্ববর্তী সরকারগুলোর আমলে শ্রম নেতাদের বিরুদ্ধে দায়ের করা ৪৬টি মামলার মধ্যে ৪৫টি প্রত্যাহারের সিদ্ধান্তের জন্যও তিনি সরকারের প্রশংসা করেন।
জবাবে অধ্যাপক ইউনূস নতুন শ্রম অধ্যাদেশকে একটি চমৎকার আইন হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, দেশের শীর্ষস্থানীয় শ্রম অধিকারকর্মীরা এসব সংস্কার এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুমোদনকে প্রকাশ্যে স্বাগত জানিয়েছেন।
সাক্ষাতে রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের জন্য ধারাবাহিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দক্ষিণ-পূর্ব বাংলাদেশের শিবিরগুলোতে বসবাসরত এক মিলিয়নের বেশি রোহিঙ্গার জন্য জীবনরক্ষাকারী মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় একক দাতা।
বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্ব পালনকালে অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ইউনূস ভবিষ্যতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
সাক্ষাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি সমন্বয়কারী ও জ্যেষ্ঠ সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

