খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করছেন।
শোকবার্তায় বলা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অপরিসীম। তার মৃত্যু বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি।
শেখ হাসিনা মরহুম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানসহ পরিবারের সব শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় তিনি আশা প্রকাশ করেন, মহান আল্লাহ খালেদা জিয়ার পরিবার-পরিজন এবং বিএনপির নেতাকর্মীদের এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য দান করবেন।

