বুধবার মানিক মিয়া এভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা, দাফন শহীদ জিয়ার পাশে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর)।
বাদ যোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘কাল বাদ যোহর মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের ঠিক পাশে দাফন করা হবে।’
এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকাকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনসহ সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে।

