খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:০২ অপরাহন, december ৩০, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) একদিনের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনস-এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের ক্ষমতাবলে সরকার নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করেছে। ছুটির দিনে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে জরুরি সেবাসমূহ এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক বিভাগসহ এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা অন্তর্ভুক্ত রয়েছেন।

এছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন এবং জরুরি কাজে সম্পৃক্ত অফিসগুলো ছুটির বাইরে থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ব্যাংক কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও জানানো হয়েছে। তবে ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় এদিন ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে।

উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর।

Nagad

এর আগে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।