তাসনিম জারার মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১২:৫৭ অপরাহন, জানুয়রী ৩, ২০২৬

ডা. তাসনিম জারা। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত জানান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের অন্তত ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসংবলিত সমর্থন তালিকা জমা দেওয়া বাধ্যতামূলক। ডা. তাসনিম জারা গত ২৯ ডিসেম্বর প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহ করে মনোনয়নপত্র দাখিল করেন। তবে যাচাই-বাছাই শেষে তাঁর দাখিল করা নথিপত্রে ত্রুটি ও তথ্যের অসংগতি পাওয়া যায়। এসব কারণে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা সম্ভব হয়নি বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিষয়ে ডা. তাসনিম জারা জানান, তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন।

উল্লেখ্য, ডা. তাসনিম জারা এর আগে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। সাধারণ মানুষের কাছ থেকে ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে নির্বাচনি তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েও তিনি ব্যাপক আলোচনায় আসেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শনিবার ও রোববার (৩ ও ৪ জানুয়ারি) সারাদেশে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলবে। যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলের শুনানি ও নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।

চূড়ান্তভাবে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশের পর আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Nagad