ফ্রান্সে ইরাসমাস+ এসওএইচও প্রকল্পের বৈঠকে এআইইউবির অংশগ্রহণ
ফ্রান্সের ইউনিভার্সিটি লুমিয়ের লিয়ঁ ২–এ ইরাসমাস+ এসওএইচও (এসওএইচও) প্রকল্পের ৫ম ট্রান্সন্যাশনাল প্রজেক্ট মিটিং সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ও ২৮ নভেম্বর ২০২৫ তারিখে আয়োজিত এই সভায় অংশ নেয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
এসওএইচও প্রকল্পের পূর্ণরূপ হলো-Smart, Optimized, High-quality and On-demand Tourism Innovative Education for Sustainable and Green Development (২০২৩–২০২৬)। এ উদ্যোগের লক্ষ্য পর্যটন শিক্ষার আধুনিকায়ন এবং টেকসই ও সবুজ উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা।
প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য ভিয়েতনাম, মালয়েশিয়া ও বাংলাদেশে নলেজ অ্যান্ড কম্পিটেন্স সেন্টার স্থাপন, যা আঞ্চলিক সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবন ও অংশীদারিত্বের কেন্দ্র হিসেবে কাজ করবে। পাশাপাশি কনসোর্টিয়ামের আওতায় স্মার্ট ট্রান্সপোর্টেশন, টেকসই আবাসন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি সংহতকরণসহ বিভিন্ন নতুন একাডেমিক কোর্স উন্নয়নের কাজ চলছে, যা ভবিষ্যৎ পর্যটন পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য প্রস্তুত করা হচ্ছে।
লিয়ঁয়ে অনুষ্ঠিত দুই দিনের এই মিটিংয়ে ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নয়টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। আইইউটি লুমিয়ের লিয়ঁ-এ অনুষ্ঠিত সেশনগুলোতে পাঠ্যক্রম চূড়ান্তকরণ, ডিজিটাল ইন্টিগ্রেশন, স্মার্ট পর্যটন প্রযুক্তি এবং টেকসই শিক্ষা সমাধান নিয়ে কৌশলগত আলোচনা হয়।
এআইইউবির প্রতিনিধি দলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. চৌধুরী আকরাম হোসেন।
সভায় মোট ২৫ জন প্রতিনিধি সরাসরি ও অনলাইনে অংশগ্রহণ করেন। এসওএইচও প্রকল্পের কনসোর্টিয়ামে রোমানিয়া, ফ্রান্স, ইতালি, বাংলাদেশ, ভিয়েতনাম ও মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত রয়েছে।

