জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:২৭ অপরাহন, জানুয়রী ১৫, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করতে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ অধ্যাদেশ’ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আইনবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি বলেন, জুলাই–আগস্টে রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডের কারণে দায়ের হওয়া ফৌজদারি মামলা সরকার প্রত্যাহার করবে এবং এ বিষয়ে নতুন করে মামলা নেওয়া হবে না। একই সঙ্গে ওই সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে কোথাও মামলা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে ব্যক্তিগত বা সংকীর্ণ স্বার্থে সংঘটিত কোনো হত্যাকাণ্ড এই দায়মুক্তির আওতায় পড়বে না বলে স্পষ্ট করেন আইন উপদেষ্টা। তিনি জানান, এ ধরনের ঘটনায় মানবাধিকার কমিশন তদন্ত করে প্রতিবেদন দেবে এবং সেই প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ৮ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অধ্যাপক আসিফ নজরুল জানান, দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, জুলাই অভ্যুত্থানের যোদ্ধারা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে জীবনবাজি রেখে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তাদের সেই প্রতিরোধমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি ও সুরক্ষার জন্যই এই উদ্যোগ।

আইন উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তি আইন প্রণয়নের বৈধতা রয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের সুরক্ষায় অনুরূপ দায়মুক্তি আইন করা হয়েছিল। একই ধারাবাহিকতায় এবার জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা দিতে রাষ্ট্র এই অধ্যাদেশ অনুমোদন করেছে।

Nagad