সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুই পোড়া মরদেহ উদ্ধার
ঢাকার সাভারে একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুই ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় অবস্থিত পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’-এর ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহ দুটি আগুনে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রসাবের জন্য কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করলে ভেতরে দুটি পোড়া মরদেহ দেখতে পান। পরে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।
খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, মরদেহ দুটি পোড়া অবস্থায় থাকায় পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

