পুলিশের ধারণা আত্মহত্যা: রাজধানীতে কলেজ শিক্ষার্থীসহ চার নারীর মরদেহ উদ্ধার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্, জানুয়রী ১৯, ২০২৬

রাজধানীর পৃথক চারটি এলাকা থেকে কলেজ শিক্ষার্থীসহ চার নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত বাড্ডা, মিরপুর, ডেমরা ও যাত্রাবাড়ী এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে চারজনই আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

মিরপুরে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মিরপুর ১০ নম্বর এলাকার একটি বাসা থেকে অচেতন অবস্থায় সানজিদা ইসলাম মিম (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করে শনিবার ভোরে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মিরপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

পুলিশ জানায়, মিম মিরপুর এলাকার একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন এবং ভাই-ভাবির সঙ্গে বসবাস করতেন। এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে পারিবারিক দ্বন্দ্ব চলছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।

Nagad

বাড্ডায় গৃহবধূর মরদেহ উদ্ধার

বাড্ডার আফতাবনগর এলাকার একটি বাসা থেকে শুক্রবার রাত ১টার দিকে সুবর্ণা খাতুন (৩০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি স্বামীর সঙ্গে ওই বাসায় বসবাস করতেন।

বাড্ডা থানার ওসি কাজী মো. নাসিরুল আমীন বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের তথ্য পাওয়া গেছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

যাত্রাবাড়ীতে তরুণীর মৃত্যু

যাত্রাবাড়ীর কোনাপাড়া আদর্শবাগ এলাকার একটি বাসা থেকে আশা আক্তার (২৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর ভাই আব্দুল্লাহ আকাশ জানান, আশা একটি বিউটি পার্লারে চাকরি করতেন। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর এক যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সম্পর্কের টানাপোড়েনের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।

ডেমরায় পারিবারিক কলহের জেরে মৃত্যু

ডেমরার পূর্ব বক্সনগর এলাকার একটি বাসা থেকে শুক্রবার রাতে মোছা. কোহিনূর (৩৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ডেমরা থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান মির্জা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার পর ওই নারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।