১৮ ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রিসভার শপথ সম্পন্ন হবে: মন্ত্রিপরিষদ সচিব
নতুন মন্ত্রিসভার শপথ আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। তিনি জানান, ‘আমরা আশা করছি, আগামী তিন থেকে চার দিনের মধ্যে শপথ অনুষ্ঠিত হবে।’
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা গঠনের সময় ও প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, নিয়ম অনুযায়ী যদি বলা হয় আগামীকাল বা পরশু শপথ হবে, তার প্রস্তুতিও আছে। একইভাবে যদি তিন দিন পরে শপথ হয়, তারও প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে।
নতুন মন্ত্রীদের কে শপথ পড়াবেন-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা হ্যান্ডেল করে সংসদ সচিবালয়। ওখানে কথা বলতে হবে। ইনফরমালভাবে যা জানা গেছে, সেটা এখানে বলছি না। অপশন হিসেবে স্পিকার, ডেপুটি স্পিকার বা তাদের মনোনীত কেউ শপথ পড়াতে পারেন। তারা না পারলে সরকার থেকে কাউকে মনোনয়ন করা হতে পারে। অথবা প্রধান বিচারপতি বা প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাতে পারেন।’
শেখ আব্দুর রশীদ জানান, মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে প্রায় এক হাজার দেশি-বিদেশি অতিথি থাকবেন।

