সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে মারধর: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্, ফেব্রুয়ার ২৫, ২০২৬

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ মাদকবিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর মারধরের ঘটনায় পুলিশের চার সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)–এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

পুলিশ জানায়, সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই মাল্টিমিডিয়া সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়–এর শিক্ষার্থী নাঈম উদ্দীনসহ কয়েকজন দর্শনার্থী পুলিশের মারধরের শিকার হন বলে অভিযোগ ওঠে।

ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিডিওতে কয়েকজনকে ধাক্কাধাক্কি ও লাঠিপেটা করতে দেখা যায়।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং ডিসি মাসুদ আলমের অপসারণের দাবি জানান।

ডিএমপি সূত্রে জানা গেছে, অভিযোগ তদন্তে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Nagad