সংসদে জনগণের পক্ষে কথা বলে অধিকার আদায় করব: ডা. শফিকুর রহমান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৭ অপরাহন, ফেব্রুয়ার ২৫, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, তারা সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলবেন এবং অধিকার আদায় করে ছাড়বেন। তিনি ঢাকা-১৫ আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) কাফরুল উত্তর ও দক্ষিণ থানার উদ্যোগে মনিপুর উচ্চবিদ্যালয় (ব্রাঞ্চ-২, ইব্রাহিমপুর) প্রাঙ্গণে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ, বিশেষ করে যুব সমাজ পরিবর্তনের পক্ষে রায় দিলেও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে। আগামী নির্বাচনে প্রতিটি কেন্দ্রে কঠোর পাহারা দেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার ঘোষণাকে অনুসরণ করায় সরকারি দলকে ধন্যবাদ জানাচ্ছেন। একই সঙ্গে প্রবাসীদের মরদেহ সম্মানের সঙ্গে দেশে আনার প্রতিশ্রুতির বিষয়টিও উল্লেখ করেন।

দেশব্যাপী চাঁদাবাজি বন্ধের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, অবিলম্বে চাঁদাবাজি বন্ধ না হলে জনগণকে সঙ্গে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হলে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। তিনি জানান, জামায়াতে ইসলামী কেবল বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং একটি অর্থবহ বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখবে।

Nagad

অনুষ্ঠানে মহানগরীর নায়েবে আমির আব্দুর রহমান মুসা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।