হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের সরকারি হাসপাতালগুলোতে সব ধরনের দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (৪ মার্চ) সকালে আকস্মিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দালালচক্রের দৌরাত্ম্য রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যে কোনো মূল্যে হাসপাতালে রোগী ভাগিয়ে নেওয়া, ট্রলি বাণিজ্যসহ সব ধরনের অনিয়ম বন্ধ করা হবে।
তিনি আরও বলেন, প্রয়োজনের তুলনায় হাসপাতালগুলোতে এখনো স্বাস্থ্যকর্মীর সংখ্যা কম। তবে দ্রুত জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে অপারেশন থিয়েটারের (ওটি) সংখ্যা ও মান উন্নয়ন এবং ওষুধ সরবরাহ বৃদ্ধি করা হবে।
মন্ত্রী বলেন, সরকারের সম্পদ সীমিত হলেও এই সীমিত সম্পদের মধ্যেই জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। ঢাকাসহ সারাদেশে রোগীদের সেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর।
হাসপাতালের বেডশিটসহ বিভিন্ন কাপড় নিম্নমানেরভাবে ধোয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট পরিচালকের সঙ্গে কথা বলা হয়েছে এবং প্রয়োজন হলে বিল কেটে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

