পিটুনিতে পেট্রোল পাম্পে যুবক নিহত, ভাঙচুর ও আগুন-আটক ৩

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্, মার্চ ৮, ২০২৬

ঝিনাইদহে পেট্রোল পাম্পের কর্মীদের পিটুনিতে এক যুবক নিহত হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় পাম্পের তিন কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার জেরে দুটি তেল পাম্পে ভাঙচুর ও তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম নিরব আহমেদ। তিনি কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুরগাছি গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মোটরসাইকেলের জন্য তেল নিতে তাজ ফিলিং স্টেশনে যান নিরব। তখন পাম্পের কর্মচারীরা তেল দিতে অপারগতা প্রকাশ করেন। কিছুক্ষণ পর আবার পাম্পে গিয়ে অন্য একজনকে বোতলে তেল দিতে দেখে প্রতিবাদ করেন তিনি। এতে কর্মচারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পাম্পের কর্মীরা লাঠি দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করেন।

পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পাম্পের তিন কর্মীকে আটক করা হয়েছে। আটকরা হলেন-নাসিম, রমিজুল ও আবু দাউদ।

Nagad

যুবক নিহতের খবর ছড়িয়ে পড়লে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা তাজ ফিলিং স্টেশনের মালিকানাধীন আরাপপুর এলাকার সৃজনী তেল পাম্পে ভাঙচুর চালায়। এছাড়া রাত ৩টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেওয়া হয়। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, তেল নেওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে পাম্পের কর্মীরা ওই যুবককে মারধর করে। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।