ট্রাম্পকে ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ দিচ্ছেন উপদেষ্টা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:২৮ অপরাহন, মার্চ ১০, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান অভিযান শিগগিরই শেষ হতে পারে। তবে পর্দার আড়ালে তাঁর কিছু উপদেষ্টা তাঁকে এই সংঘাত থেকে বের হওয়ার রূপরেখা বা ‘এক্সিট স্ট্র্যাটেজি’ তৈরি করতে জোরালো পরামর্শ দিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, অভিযান প্রত্যাশার চেয়ে দ্রুতগতিতে এগোচ্ছে। তিনি আরও বলেন, ‘আমরা নির্ধারিত সময়ের চেয়ে অনেক এগিয়ে আছি। এটি খুব শিগগিরই শেষ হবে।’

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের উপদেষ্টারা তাঁকে পরামর্শ দিয়েছেন জনসমক্ষে যুদ্ধের লক্ষ্য অর্জিত হয়েছে বলে তুলে ধরতে এবং সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করতে। সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিক এই যুদ্ধের বিরোধী।

ইরান যুদ্ধ আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র আলোচনার মাঝপথে হামলা চালায়, তাই তেহরান আর ওয়াশিংটনের ওপর আস্থা রাখতে পারছে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যগুলো ব্যর্থ হয়েছে এবং তারা দুই-তিন দিনের মধ্যে শাসনব্যবস্থা পরিবর্তন করতে পারেনি।

ইরানি সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, ইরান যুদ্ধ শুরু করেনি, তবে এটি শেষ করবে ইরানই। তিনি হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্বের ওপর জোর দিয়ে বলেছেন, ‘এই যুদ্ধে সব শক্তি বিনিয়োগ করা আমাদের জন্য স্বাভাবিক।’

Nagad