সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই: তাহের
সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা থাকলেও এ বিষয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, বর্তমান রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই।
বুধবার (১১ মার্চ) সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির ও কুমিল্লা–১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলেও আখ্যা দেন।
অন্যদিকে একই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদীয় দলের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পদ নিয়ে আলোচনা চলছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলকে দেওয়ার বিষয়ে ক্ষমতাসীন দলের দেওয়া মৌখিক প্রস্তাব আপাতত নাকচ করেছে তাদের দল। সংসদে ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে তিনি জানান।