হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
দেশে ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে হামের প্রাদুর্ভাব। টিকাদান কর্মসূচি চলমান থাকলেও নিয়ন্ত্রণে আসছে না রোগটি। সবশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারাদেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৪৯৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেটে। বিভাগটিতে মারা গেছে ৩ শিশু। এছাড়া ঢাকা বিভাগে ২ জন এবং খুলনা ও বরিশাল বিভাগে ১ জন করে শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
এর আগে বৃহস্পতিবার হামের উপসর্গ নিয়ে সারাদেশে ১২ শিশুর মৃত্যু হয়েছিল। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই মারা যায় ৬ শিশু।
অন্যদিকে, গত ৪ মে হামের উপসর্গ নিয়ে দেশে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়।
সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৩৬ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৫৬ জনের শরীরে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২১২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৪৬ হাজার ৭১০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৯০ জনের শরীরে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩২ হাজার ৮৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ হাজার ১৫২ জন।

