টুঙ্গিপাড়ায় সম্পাদক ও লেখকদের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্, ফেব্রুয়ার ২৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আমলী আদালতে ধর্ম অবমাননা এবং ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তির অভিযোগে একটি কথিত অনলাইন পেইজের সম্পাদক, উপ-সম্পাদক, সহ-সম্পাদক ও একাধিক লেখকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী বায়েজীদ শেখ।
গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন টুঙ্গিপাড়া থানার আমলী আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটি মামলাটি আমলে নেন। ফৌজদারি দণ্ডবিধি, ১৮৬০ (সংশোধিত) এর ২৯৫, ৫০০ ও ৩৪ ধারায় দায়েরকৃত এ মামলার নম্বর সি.আর.-৯৮/২০২৫।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কথিত এথিস্ট নোট ওয়েবসাইটে দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মকে কেন্দ্র করে অবমাননাকর ও কটূক্তিমূলক বিভিন্ন লেখা প্রকাশিত হয়ে আসছে। অভিযোগ অনুযায়ী, এসব প্রকাশনার মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে এবং এর ফলে সমাজ ও রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন অভিযুক্ত ওয়েবসাইটটির সম্পাদকদের কয়েকজন।
আসামী হিসেবে আরো তালিকাভুক্ত – মো: আল আমিন কায়সার, ফাহিন আলম, মোহাম্মাদ আব্দুল কাদের সুমেল, শামীম আল মামুন, শিপলু কুমার বর্মণ, মোর্শেদ আলম, মো. জাকির হোসাইন, আবু বকর সিদ্দিক, এমডি সাব্বির হোসাইন, মো: আবির হোসাইন, মো: ফাহাদ হোসাইন, মো: মিজানুর রাহমান, মো: আব্দুল রাজ্জাক, মুকিত চৌধুরী, মোহাম্মাদ শহীদুল ইসলাম জায়গীরদার, মো: রাজিম হোসাইন, মুসা আহমেদ জায়গীরদার, আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ, মো: মাজহারুল ইসলাম, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম সহ অন্যান্য।
শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটি তার পর্যবেক্ষণে বলেন, অভিযুক্তদের প্রকাশিত বক্তব্য সমাজ ও রাষ্ট্রের শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এবং তা ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ হতে পারে। এ প্রেক্ষিতে আদালত টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জকে মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
একই সঙ্গে তদন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত সতর্কতা ও সক্রিয়তা বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
মামলা সম্পর্কে জানতে চাইলে টুঙ্গিপাড়া থানার অফিসার-ইন-চার্জ বলেন, যেহেতু বিষয়টি বর্তমানে তদন্তাধীন, তাই এ মুহূর্তে বিস্তারিত মন্তব্য করা উপযুক্ত হবে না।
তিনি আরও বলেন, “সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অভিযোগ অত্যন্ত স্পর্শকাতর। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এ ধরনের অপরাধে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
অন্যদিকে, মামলার বিষয়ে ‘এথিস্ট নোট ওয়েবসাইট কর্তৃপক্ষের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আদালত সূত্রে জানা গেছে, মামলাটির দ্বিতীয় শুনানি আগামী ২৪ মার্চ ২০২৫, সোমবার, টুঙ্গিপাড়া আমলী আদালতে ধার্য হয়েছে।