মিরপুরে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা, পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া আটক
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী এক কন্যাশিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়াকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, আটক ব্যক্তির নাম সোহেল রানা। তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে আটক করা হয় এবং পরে ঢাকায় আনা হচ্ছে।
এর আগে সকাল ৯টার দিকে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, নিহত শিশুর নাম লামিসা (৭)। প্রাথমিক তদন্তে জানা গেছে, একই ভবনের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল শিশুটিকে গলা কেটে হত্যা করেন এবং পরে তার মাথা বিচ্ছিন্ন করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ, সিআইডি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

