২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬

দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মঙ্গলবার (৯ জুন) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি আইনে ৮৬ রানের জয় পেয়েছে টাইগাররা।

২০০৫ সালে কার্ডিফে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারানোর পর ওয়ানডেতে আর কোনো জয় পায়নি বাংলাদেশ। এরপর দুই দলের ১৫টি ম্যাচে হারের তিক্ততা সঙ্গী হলেও এবার সেই অধ্যায়ের ইতি টানল স্বাগতিকরা।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করে। জবাবে অস্ট্রেলিয়া ৪২.২ ওভারে ৯ উইকেটে ১৯১ রান তুলতেই বৃষ্টি হানা দেয়। পরে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশকে ৮৬ রানের জয়ী ঘোষণা করা হয়।

বাংলাদেশের ইনিংসের শুরুটা ভালো হয়নি। দলীয় ১০ রানে সাইফ হাসানের উইকেট হারায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। তামিম ৪৪ বলে ৫৪ এবং শান্ত ৮৬ বলে ৬৭ রান করেন।

মাঝে লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম দ্রুত ফিরলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে চার বছর পর জাতীয় দলে ফিরে দুর্দান্ত এক ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন। ৭০ বলে ৭ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৮৬ রান করেন তিনি। তাকে ভালো সঙ্গ দেন তাওহিদ হৃদয় (৩১) ও তাসকিন আহমেদ (২০)। তাদের ব্যাটে ভর করে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।

২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম বলেই ম্যাথু স্কটকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। এরপর মুস্তাফিজুর রহমান মার্নাস লাবুশেনকে বিদায় করলে মাত্র ২ রানেই ২ উইকেট হারায় সফরকারীরা।

Nagad

এরপর নাহিদ রানার গতির সামনে অসহায় হয়ে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। তিনি জস ইংলিশ, অ্যালেক্স ক্যারি, লিয়াম স্কট ও হাভিয়ের বার্টলেটকে ফিরিয়ে একাই নেন ৪ উইকেট। এছাড়া মোসাদ্দেক হোসেন নেন ২ উইকেট এবং মুস্তাফিজ ও তাসকিন শিকার করেন দুটি ও একটি উইকেট।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ক্যামেরন গ্রিন। এছাড়া অ্যালেক্স ক্যারি করেন ৪৭ রান। তবে অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় ম্যাচে আর ফিরতে পারেনি সফরকারীরা।

অবশেষে বৃষ্টির বাধার মধ্যেই ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় এক জয় তুলে নেয় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৫০ ওভারে ২৮৪/৮ (সাইফ ৫, তামিম ৫৪, শান্ত ৬৭, লিটন ৭, হৃদয় ৩১, মিরাজ ৩, তানভীর ৫, তাসকিন ২০, মোসাদ্দেক ৮৬*; ব্রেটলেট ১০-০-৬২-১, এলিস ১০-১-৩৮-৩, স্কট ৮-০-৫৭-২, গ্রিন ৪-০-৩১-০, শর্ট ৩-০-১৪-০, রেনশো ৮-০-৩৫-২, জাম্পা ৭-০-৪৭-০)

অস্ট্রেলিয়া : ৪২.২ ওভারে ১৯১/৯ (শর্ট ০, কনোলি ৩৫, লাবুশেন ১, ইংলিশ ১৯, ক্যারি ৪৭, রেনশো ২, স্কট ২, ব্রেটলেট ১, এলিস ৮. গ্রিন ৫২*, জাম্পা ৬*; তাসকিন ৫-০-২৮-১, মুস্তাফিজ ৫.২-০-২৪-২, নাহিদ ১০-৪১-৪, মিরাজ ৬-১-২৩-০, মোসাদ্দেক ১০-১-৩৭-২, তানভীর ৬-১-৩৩-০)

ফলাফল : বৃষ্টি আইনে বাংলাদেশ ৮৬ রানে জয়ী