প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের
ফিফা বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত শুরু করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। গ্রুপ ডি’র ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা পেয়েছে তারা। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করে নায়ক বনে যান ফোলারিন বালোগুন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় যুক্তরাষ্ট্র। এর ফলও পেয়ে যায় দ্রুত। সপ্তম মিনিটে প্যারাগুয়ের মিডফিল্ডার ডামিয়ান বোবাদিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্যারাগুয়ে। তবে যুক্তরাষ্ট্রের ধারালো আক্রমণের সামনে বারবার চাপে পড়ে তারা। ৩১তম মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিকের নিখুঁত পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফোলারিন বালোগুন।
প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আবারও গোলের দেখা পান বালোগুন। মালিক টিলম্যানের পাস ধরে ডিফেন্স ভেঙে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন তিনি। এতে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।
প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য ছিল স্বাগতিকদের। প্রায় ৭০ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে প্যারাগুয়ের রক্ষণভাগকে ব্যস্ত রাখে তারা।
বিরতির পর ব্যবধান কমানোর মরিয়া চেষ্টা চালায় প্যারাগুয়ে। অবশেষে ৭৩তম মিনিটে মাওরিচিওর গোলে কিছুটা আশা জাগে দলটির। তবে সেই আশা বেশিক্ষণ টেকেনি।
ম্যাচের অতিরিক্ত সময়ে গিওভান্নি রেইনা বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে বল জালে জড়িয়ে যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত করেন। তার গোলে ৪-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
বিশ্বকাপ ইতিহাসে প্যারাগুয়ের বিপক্ষে এটি ছিল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ম্যাচ। এর আগে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপেও প্যারাগুয়েকে হারিয়েছিল তারা। ৯৬ বছর পর আবারও জয় তুলে নিয়ে বিশ্বকাপের মঞ্চে প্রতিপক্ষটির বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ণ রাখল যুক্তরাষ্ট্র।

