বেনজীর আহমেদকে ফেরানোর প্রক্রিয়া শুরু করল দুদক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরাতে দুর্নীতি মামলার সব নথিপত্র গোছাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে কূটনৈতিক চ্যানেলে এই নথিগুলো দেশটিতে পাঠানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৫ জুন) দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

আকতারুল ইসলাম বলেন, দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সব নথিপত্র তৈরির প্রস্তুতি চলছে। দুর্নীতির এসব নথিপত্র চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হবে কূটনৈতিক চ্যানেলে।

বহুল আলোচিত ও সমালোচিত পুলিশের সাবেক এই মহাপরিদর্শক (আইজিপি) গ্রেপ্তার হওয়ার বিষয়টি ঢাকার ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) গত ১২ জুন এক চিঠির মাধ্যমে জানায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।

ওই চিঠিতে এনসিবি আবুধাবি জানায়, ইউএইর ‘ফৌজদারি বিষয়ে আন্তর্জাতিক বিচারিক সহযোগিতা সংক্রান্ত’ ফেডারেল আইন নম্বর ৩৯/২০০৬-এর ১১ নম্বর ধারা অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তির প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক লিখিত আবেদন পাঠাতে হবে।

আইন অনুযায়ী প্রত্যর্পণ আবেদনের সঙ্গে আরবি ভাষায় অনূদিত, যথাযথ কর্তৃপক্ষের স্বাক্ষর ও সিলযুক্ত সংশ্লিষ্ট তথ্য ও নথি সংযুক্ত করতে হবে।

Nagad