ইসলাম অবমাননার অভিযোগে ব্লগারের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩২ অপরাহন, জুন ১৭, ২০২৬

ইসলাম ধর্ম, মহান আল্লাহ এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্য প্রকাশের অভিযোগে মোঃ দিদার হুসাইন আরিফ নামে এক লেখক ও ব্লগারের বিরুদ্ধে ঢাকায় মামলা দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি তার ব্যক্তিগত ওয়েবসাইট ও এক্স অ্যাকাউন্টে ধারাবাহিকভাবে এমনসব লেখা প্রকাশ করেছেন, যা মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

মামলার বাদী ইউসুপ কাউসার আদালতে দাখিল করা অভিযোগে দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি পরিকল্পিতভাবে ইসলাম ধর্মকে কটাক্ষ এবং মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে সামাজিক অস্থিরতা সৃষ্টির পরিবেশ তৈরি করেছেন। তিনি আদালতের কাছে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।

১৫ই জুন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ৩৫ নম্বর আদালতের বিচারক মোঃ রাকিবুল হাসান অভিযোগটি গ্রহণ করেন। একই সঙ্গে মামলার তদন্তভার পিবিআই শাখাকে দেওয়া হয়। আদালত সূত্রে জানা গেছে, মামলাটি বাংলাদেশ ফৌজদারি দণ্ডবিধির ২৯৫, ২৯৫(ক), ২৯৮ ধারায় দায়ের করা হয়েছে। মামলার নথি নম্বর সি.আর.-২১৫/২০২৬।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তি তার অনলাইন প্ল্যাটফর্মে ইসলাম ধর্ম ও নবী-রাসূলদের নিয়ে অশালীন ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে।

তবে এ বিষয়ে মোঃ দিদার হুসাইন আরিফের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মামলার পরবর্তী শুনানি ও তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ই জুলাই।

Nagad