হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৯৩ রোগী
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং পরীক্ষায় ৯৩ জনের হাম শনাক্ত হয়েছে।
বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া তিনজনই ঢাকা বিভাগের বাসিন্দা। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৬ জনে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৩ শিশু। সব মিলিয়ে দেশে হাম-সম্পর্কিত মোট মৃত্যুর সংখ্যা এখন ৬৮৯।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে দেশে হামের উপসর্গ ও সংক্রমণ—দুই-ই উদ্বেগজনক হারে বাড়ছে। নতুন শনাক্ত রোগীদের বেশির ভাগই শিশু হওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা টিকাদান, দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থার ওপর জোর দিচ্ছেন।