আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বেন স্টোকস

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা অলরাউন্ডার ও টেস্ট অধিনায়ক বেন স্টোকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে নটিংহ্যামে চলমান তৃতীয় ও শেষ টেস্ট শেষে ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। একই সঙ্গে শেষ হবে তার চার বছরের টেস্ট অধিনায়কত্ব।

রোববার (২৮ জুন) খেলা শুরুর আগে স্টোকস নিজের সিদ্ধান্তের কথা সতীর্থদের এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) জানান। ড্রেসিংরুমে বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে নটিংহ্যাম টেস্টের চতুর্থ দিনের চা বিরতির আগে ইসিবি আনুষ্ঠানিকভাবে তার অবসরের ঘোষণা দেয়।

সতীর্থদের উদ্দেশে স্টোকস বলেন, ‘আরও দুই দিন নিজেদের সর্বস্ব উজাড় করে খেলো।’ তবে অবসরের নির্দিষ্ট কারণ এখনই জানাননি। পরে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন বলে জানিয়েছেন তিনি।

তার এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন ওভালে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে শৃঙ্খলাজনিত কারণে তিনি দলে ছিলেন না। লর্ডসে ইংল্যান্ডের জয়ের পর তার উদযাপন নিয়ে তদন্ত শুরু করেছিল ইসিবি ও ক্রিকেট রেগুলেটর। পরে তদন্তে তার বিরুদ্ধে গুরুতর কোনো অপরাধের প্রমাণ মেলেনি।

২০১১ সালে সীমিত ওভারের ক্রিকেট দিয়ে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় স্টোকসের। ২০১৩ সালের ডিসেম্বরে অ্যাডিলেডে অ্যাশেজ সিরিজে টেস্ট অভিষেক করেন তিনি। ২০২২ সালের এপ্রিলে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব পান।

ইংল্যান্ডের হয়ে ১২২টি টেস্ট, ১১৪টি ওয়ানডে এবং ৪৩টি টি-টোয়েন্টি খেলেছেন স্টোকস। অধিনায়ক হিসেবে ৪৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে ইংল্যান্ডকে শিরোপা জয়ে ভূমিকা রাখেন এই তারকা অলরাউন্ডার।

Nagad