শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৬

শিক্ষা সংস্কারে সরকারের মূল লক্ষ্য শিক্ষার্থীদের লার্নিং আউটকাম বা শেখার ফলাফল বৃদ্ধি। এ লক্ষ্য অর্জনে সরকার পাঁচটি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (২৯ জুন) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘জিও-এনজিও কোলাবোরেশন ডায়ালগ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা সংস্কারের পাঁচটি অগ্রাধিকার ক্ষেত্র হলো— কারিকুলাম, শিক্ষক, প্রশাসন, অবকাঠামো এবং প্রযুক্তি। ভবিষ্যতের শিক্ষা সংস্কার এই পাঁচটি ভিত্তিকে কেন্দ্র করেই বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকার এনজিওগুলোর সঙ্গে কার্যকর অংশীদারত্বের ভিত্তিতে সমন্বিতভাবে কাজ করতে চায়। সরকারের একক উদ্যোগে নয়, বরং সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব।

ববি হাজ্জাজ আরও বলেন, সরকার প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর করতে চায়। এ লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষক নিয়োগ ও বদলি ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল মনিটরিং এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে পরিবর্তন আনতে হলে বাস্তবসম্মত, সম্প্রসারণযোগ্য ও টেকসই উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে এনজিওগুলোর মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও উদ্ভাবনী মডেল কাজে লাগাতে চায় সরকার।

Nagad

প্রতিমন্ত্রী জানান, প্রতিবন্ধী শিশু, প্রাক-প্রাথমিক ও নন-ফরমাল শিক্ষা, শহরমুখী অভিবাসী শিশু, চা-বাগান এলাকার শিশু এবং প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকার বিভিন্ন অংশীজনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ব্র্যাক এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।