দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ আলোচনা শুরু
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে কাতারের রাজধানী দোহায় পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) আলোচনা সম্পর্কে অবগত এক কূটনীতিক এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশ না করার শর্তে ওই কূটনীতিক জানান, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের কর্মকর্তারা টেকনিক্যাল পর্যায়ের পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছেন।
কূটনীতিকের ভাষ্য অনুযায়ী, দোহার এই বৈঠকটি একটি সমঝোতা স্মারকের ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে। এর লক্ষ্য সুইজারল্যান্ডের লেক লুসার্নে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে হওয়া অগ্রগতিকে এগিয়ে নেওয়া এবং উভয় পক্ষের অনুমোদিত আলোচনার কাঠামোকে আরও কার্যকর করা।
তিনি আরও জানান, মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ এই টেকনিক্যাল আলোচনায় অংশ নিচ্ছেন না। তবে তারা মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশই দোহায় আলোচনায় অংশ নিতে প্রতিনিধি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছিল।
কূটনৈতিক সূত্রের দাবি, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় প্রস্তাবিত সমঝোতা স্মারকে ৬০ দিনের যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর রূপরেখাও এতে রয়েছে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি জানিয়েছেন, ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তবে তিনি বলেন, আগামী দিনগুলোতে কোনো পর্যায়েই মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই।

