অশ্রুসিক্ত নয়নে ব্রাজিলকে বিদায়ের ইঙ্গিত নেইমারের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৬

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় জাতীয় দলের ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন দলের তারকা ফরোয়ার্ড নেইমার।

ম্যাচ শেষে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। কিন্তু এখন সব শেষ। আমি এখানেই শুরু করেছিলাম, আর এখানেই শেষ করছি।’

নেইমারের এই বক্তব্যকে জাতীয় দল থেকে বিদায়ের ইঙ্গিত হিসেবে দেখছে ব্রাজিলের গণমাধ্যম। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছিল তার। ১৬ বছর পর একই ভেন্যুতে বিশ্বকাপ থেকে বিদায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়ের ইঙ্গিত দিলেন তিনি।

নরওয়ের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটি করেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে সেই গোল পরাজয় এড়াতে পারেনি। শেষ বাঁশি বাজার পর কান্নায় ভেঙে পড়েন তিনি।

এই বিশ্বকাপে নেইমারের নামের পাশে যুক্ত হয়েছে আরেকটি হতাশার রেকর্ড। ব্রাজিলের ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে চারটি বিশ্বকাপে অংশ নিয়েও শিরোপা জিততে পারেননি তিনি। এর আগে একই অভিজ্ঞতা হয়েছিল সাবেক অধিনায়ক থিয়াগো সিলভার।

যদি এটাই জাতীয় দলের হয়ে নেইমারের শেষ ম্যাচ হয়ে থাকে, তবে তিনি ব্রাজিলের জার্সিতে ক্যারিয়ার শেষ করবেন ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৮ অ্যাসিস্ট নিয়ে। সিনিয়র দলের হয়ে তার একমাত্র শিরোপা ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ। এছাড়া ২০১৬ রিও অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলকে নেতৃত্ব দিয়ে ব্রাজিলকে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলের স্বর্ণপদক জিতিয়েছিলেন তিনি।

Nagad

নেইমারের সম্ভাব্য বিদায় বিশ্ব ফুটবলের একটি যুগের অবসানের ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।