বাবার মতোই বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে দেন প্রধানমন্ত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান তার মাসিক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদেরও সামর্থ্য অনুযায়ী তাদের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী বিনয়ের সঙ্গে মন্ত্রীদের উদ্দেশে বলেন, তিনি একটি ব্যক্তিগত অনুরোধ জানাতে চান, যা তারা চাইলে রাখতে পারেন, আবার না-ও রাখতে পারেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতেন, যাতে তা গরিব-দুঃখী মানুষের কল্যাণ বা সরকারি প্রয়োজনের কাজে ব্যয় করা যায়।

স্বাস্থ্যমন্ত্রীর উদ্ধৃতি অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেন, তার মূল বেতন এক লাখ ১৫ হাজার টাকা। এর ১০ শতাংশ অর্থাৎ ১১ হাজার ৫০০ টাকা তিনি প্রতি মাসে সরকারি কোষাগারে জমা দেন। বেতন অ্যাকাউন্টে জমা হওয়ার পর তিনি সেই অর্থ সরকারি হিসাবে ফেরত দেন বলেও উল্লেখ করেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রী একই সঙ্গে মন্ত্রীদেরও সামর্থ্য থাকলে প্রতি মাসে তাদের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন। মন্ত্রিসভার সদস্যরা এ প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন বলেও জানান তিনি।

Nagad

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগ তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসৃত একটি চর্চার ধারাবাহিকতা। তিনি আরও বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রাখার মানসিকতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রী বৈঠকে উল্লেখ করেন।