দেশে মসজিদ ৩ লাখ ৫০ হাজার, সবচেয়ে বেশি ঢাকায়
বাংলাদেশে বর্তমানে মোট মসজিদের সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি। এর মধ্যে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে ঢাকা বিভাগে, আর সবচেয়ে কম সিলেট বিভাগে। ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগ সম্প্রতি এ পরিসংখ্যান প্রকাশ করেছে।
তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে মসজিদের সংখ্যা ৭১ হাজার ৫৯৬টি। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে মসজিদ রয়েছে ৬৩ হাজার ৭০৩টি। এ ছাড়া রাজশাহী বিভাগে ৪৫ হাজার ৮৭৯টি, রংপুর বিভাগে ৪৫ হাজার ৭৯২টি, বরিশাল বিভাগে ৩৫ হাজার ৬৯১টি, খুলনা বিভাগে ৩৪ হাজার ৫৮৬টি, ময়মনসিংহ বিভাগে ৩১ হাজার ২১২টি এবং সিলেট বিভাগে ২২ হাজার ৬টি মসজিদ রয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট মসজিদের প্রায় এক-পঞ্চমাংশই ঢাকা বিভাগে অবস্থিত। অন্যদিকে, সিলেট বিভাগে মসজিদের সংখ্যা সবচেয়ে কম।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বিভাগভিত্তিক তথ্যের পাশাপাশি জেলা ও উপজেলাভিত্তিক মসজিদের তালিকাও প্রস্তুত করা হয়েছে।
সংস্থাটির এক কর্মকর্তা জানান, মাঠপর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়গুলোর মাধ্যমে তথ্য সংগ্রহ করে এ তালিকা তৈরি করা হয়েছে। তবে এতে কিছু ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে।
তিনি আরও জানান, সর্বশেষ করোনা মহামারির সময় একটি তালিকা প্রস্তুত করা হয়েছিল। সেই সময়ের তুলনায় বর্তমানে দেশে মসজিদের সংখ্যা প্রায় ৪০ হাজার বেড়েছে।

