সরকারি শিক্ষক নিয়োগে ৪৬ হাজার ১৯৯ পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশের নির্দেশ
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৪৬ হাজার ১৯৯ পরীক্ষার্থীর ফল কোটা নয়, মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
একই সঙ্গে এ সংক্রান্ত মামলার ১৫১ জন রিটকারীকে আগামী ৬০ দিনের মধ্যে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ আপিলের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।
এর আগে, ২০২৪ সালের ২২ এপ্রিল ঢাকা ও চট্টগ্রাম বিভাগে (তিন পার্বত্য জেলা ছাড়া ২১ জেলা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের সংশোধিত ফল প্রকাশ করা হয়। ওই ফলাফলে ৪৬ হাজার ১৯৯ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।
পরে ফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে ১৫১ জন চাকরিপ্রার্থী হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট রিটকারীদের পক্ষে রায় দিলে রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করে।
আপিলের শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রেখে পরীক্ষার ফল মেধার ভিত্তিতে পুনঃপ্রকাশ এবং রিটকারী ১৫১ জনকে ৬০ দিনের মধ্যে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ।

