আর্জেন্টিনা-মিশর ম্যাচের বিতর্কিত রেফারিং নিয়ে ব্যাখ্যা দিল ফিফা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৬

চলমান ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা ও মিশরের শেষ ষোলোর ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি বলছে, ম্যাচের সব সিদ্ধান্ত ফুটবলের আইন অনুযায়ী নেওয়া হয়েছে এবং রেফারিদের কাজে কোনো ধরনের বাহ্যিক প্রভাব নেই।

ম্যাচটিতে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। পরে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জয় তুলে নেয়। তবে মিশরের একটি গোল বাতিল এবং সম্ভাব্য একটি ফাউল না দেওয়াকে কেন্দ্র করে রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়েরের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন মিশরের কোচ ও খেলোয়াড়রা।

ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজি কোলিনা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেন, বিশ্বকাপে রেফারিদের সিদ্ধান্ত নিয়ে গঠনমূলক আলোচনা হতে পারে, তবে ভিত্তিহীন অভিযোগ গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ‘ফিফা বিশ্বকাপের ম্যাচ কর্মকর্তাদের সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। এমন অভিযোগ অনেক সময় রেফারি ও তাদের পরিবারের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

কোলিনা আরও বলেন, ফিফার সভাপতিও রেফারিদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারেন না। ম্যাচ কর্মকর্তারা সম্পূর্ণ স্বাধীনভাবে দায়িত্ব পালন করেন এবং খেলোয়াড় ও কোচদের মতো তারাও সর্বোচ্চ চেষ্টা করেন সঠিক সিদ্ধান্ত দেওয়ার।

বিতর্কিত ঘটনাগুলোর ব্যাখ্যায় তিনি জানান, প্রতিটি গোলের আগে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পুরো আক্রমণভাগের বল দখলের ধাপ (অ্যাটাকিং পজেশন ফেজ) পরীক্ষা করে। গোলের আগে কোনো ফাউল শনাক্ত হলে রেফারিকে মাঠের পাশে গিয়ে ভিডিও দেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

Nagad

আর্জেন্টিনা-মিশর ম্যাচের একটি নির্দিষ্ট ঘটনা উল্লেখ করে কোলিনা বলেন, মিশরের মারোয়ান আত্তিয়া আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজের পায়ের ওপর পা রেখেছিলেন, যা ফুটবলের আইনে স্পষ্ট ফাউল। অন্যদিকে ম্যাচের শেষ দিকে মোহামেদ সালাহ ও হুলিয়ান আলভারেজের মধ্যে সংঘর্ষকে রেফারি ও ভিএআর স্বাভাবিক ফুটবলীয় সংস্পর্শ হিসেবে বিবেচনা করেছেন।

তিনি বলেন, কিছু সিদ্ধান্তে ব্যক্তিগত বিচার-বিশ্লেষণের বিষয় থাকলেও পুরো টুর্নামেন্টজুড়ে একই নীতি অনুসরণ করা হয়েছে এবং রেফারিংয়ের মান নিয়ে ফিফা সন্তুষ্ট।