নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডির মোবাইল এখন বাংলাদেশে
নকিয়া মোবাইল ফোনের মূল প্রতিষ্ঠান হিউম্যান মোবাইল ডিভাইসেস (এইচএমডি) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে নিজেদের ব্র্যান্ডের মোবাইল ফোনের যাত্রা শুরু করেছে। দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেডের মাধ্যমে ইউরোপভিত্তিক প্রতিষ্ঠানটি তাদের মোবাইল ফোন বাজারজাত করবে।
প্রথম পণ্য হিসেবে দেশে আনা হয়েছে সাশ্রয়ী মূল্যের ফিচার ফোন এইচএমডি ১০১। ফোনটি সেলেক্সট্রার নিজস্ব কারখানায় স্থানীয়ভাবে উৎপাদন করা হচ্ছে। মঙ্গলবার (৭ জুলাই) বগুড়ার মম ইন হোটেলে উত্তরবঙ্গের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উপস্থিতিতে ফোনটির উদ্বোধন করা হয়।
এইচএমডি জানায়, বাংলাদেশে এখনো বিপুলসংখ্যক মানুষ দৈনন্দিন যোগাযোগের জন্য ফিচার ফোন ব্যবহার করেন। এছাড়া দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও ডিজিটাল ডিটক্সের সুবিধার কারণে অনেক চাকরিজীবী ও ভ্রমণকারীও সেকেন্ডারি ডিভাইস হিসেবে ফিচার ফোন ব্যবহার করেন। এসব ব্যবহারকারীর চাহিদার কথা বিবেচনায় রেখেই এইচএমডি ১০১ বাজারে আনা হয়েছে।
ফোনটিতে রয়েছে ১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা একবার চার্জে টানা ৭ ঘণ্টা পর্যন্ত কথা বলার সুবিধা দেবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া এতে রয়েছে ডুয়াল এলইডি টর্চ, বিল্ট-ইন এমপিথ্রি প্লেয়ার, ওয়্যারলেস এফএম রেডিও এবং স্বয়ংক্রিয় কল রেকর্ডিং সুবিধা। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনটির সংরক্ষণক্ষমতা ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
এইচএমডির ইমার্জিং এশিয়া অঞ্চলের জেনারেল ম্যানেজার বিবেক খান্ডেলওয়াল বলেন, ‘বাংলাদেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। মানের সঙ্গে আপস না করে সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য প্রযুক্তি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।’
এইচএমডি বাংলাদেশের বিজনেস ম্যানেজার কাজী আল আমীন বলেন, ‘ফিচার ফোন এখনো দেশের লাখো মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। উত্তরবঙ্গ থেকে এইচএমডি ১০১-এর যাত্রা শুরু হওয়া আমাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। নকিয়ার পরিচিত স্থায়িত্ব এবং এইচএমডির আধুনিক সুবিধার সমন্বয় এই ফোনে পাওয়া যাবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেলেক্সট্রা লিমিটেডের হেড অব সেলস মামুন খান এবং চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ।

