মডেল মসজিদ নির্মাণ ব্যয়ের তদন্তে আজই নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৬

মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় বৃদ্ধি ও সম্ভাব্য অনিয়মের অভিযোগ তদন্তে আজই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, কতটি মডেল মসজিদ নির্মাণ হয়েছে এবং প্রতিটি প্রকল্পে কত অর্থ ব্যয় হয়েছে—এসব বিষয় খতিয়ে দেখা হবে।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রীর পক্ষে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রশ্নোত্তর পর্বে জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, মডেল মসজিদ নির্মাণে প্রকল্প ব্যয় ১৩ কোটি টাকা থেকে ২১ কোটিতে উন্নীত করা হয়েছে। পাশাপাশি অনেক মসজিদে নির্মাণগত ত্রুটির কারণে ছাদ চুঁইয়ে পানি পড়াসহ নানা সমস্যার সৃষ্টি হয়েছে। এসব অনিয়ম তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও নিজ নির্বাচনী এলাকার একটি মডেল মসজিদের নির্মাণগত ত্রুটির বিষয় তুলে ধরেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মডেল মসজিদ নির্মাণ একটি ভালো উদ্যোগ হলেও প্রকল্পের প্রাক্কলিত ব্যয় যথাযথ ছিল কি না, তা তদন্তের দাবি যৌক্তিক। তিনি বলেন, অতীত সরকারের সময় বিভিন্ন মেগা প্রকল্পে ব্যয় বৃদ্ধি ও অনিয়মের অভিযোগ রয়েছে। মডেল মসজিদ প্রকল্পেও ১৩ কোটি টাকা থেকে ব্যয় ২১ কোটিতে কীভাবে পৌঁছেছে, তা খতিয়ে দেখা হবে।

তিনি আরও জানান, প্রতিটি মডেল মসজিদের প্রকল্প ব্যয়, নির্মাণসংখ্যা এবং ব্যয় বৃদ্ধির কারণ তদন্তে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সোমবারই নির্দেশ দেওয়া হবে। প্রয়োজনে এ তদন্তে সরকারের অন্যান্য সংস্থাও সম্পৃক্ত হতে পারে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Nagad