কর্মবিরতিতে রাজশাহীর সঙ্গে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের একাংশের ডাকা কর্মবিরতির কারণে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
জানা গেছে, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন এবং আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে এ কর্মবিরতি শুরু হয়।
এর আগে সোমবার সন্ধ্যায় একই ইস্যুকে কেন্দ্র করে কয়েক ঘণ্টার জন্য রাজশাহী থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে জেলা প্রশাসনের মধ্যস্থতায় রাত ৮টার দিকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হলেও শ্রমিকদের একটি অংশ মঙ্গলবার সকাল থেকে আবার কর্মবিরতি শুরু করে।
জেলা সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে শ্রমিকদের একটি পক্ষ এর বিরোধিতা করে কাউন্টারে ভাঙচুর ও লুটপাট চালায়। তাদের দাবি, ঘটনায় বহিরাগত ও আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিদের সম্পৃক্ততা ছিল। তিনি বলেন, প্রশাসনের তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন এবং শ্রমিকদের চাওয়া আয়-ব্যয়ের হিসাব দিতে তারা প্রস্তুত ছিলেন।
এদিকে, বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তারি বেগম বলেন, বিরোধের বিষয়টি মীমাংসা হয়েছে। তবে মঙ্গলবারের কর্মবিরতি নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাজশাহী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

