রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, বিচ্ছিন্ন করা হয় দুই হাতের কবজি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্, জুলই ২২, ২০২৬

সংগৃহীত ছবি

রাজধানীর সবুজবাগে পূর্ব শত্রুতার জেরে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হামলাকারীরা তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন করার পাশাপাশি বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে রাজারবাগ বাজারের পানির পাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. পলাশ (৩৪) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি রাজধানীর মাদারটেকের সবুজবাগ এলাকায় বসবাস করতেন এবং পেশায় প্রাইভেটকারচালক ছিলেন।

পলাশকে হাসপাতালে নিয়ে আসা তার প্রতিবেশী হিরা জানান, পলাশ সবুজবাগ ৫ নম্বর ইউনিট বিএনপির কর্মী ছিলেন। পূর্ব শত্রুতার জেরে স্থানীয় রয়েল, সবুজ, নাঈমসহ ১০ থেকে ১২ জন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে এবং বুকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

Nagad