বাংলাদেশি পাসপোর্টে ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে ৩৫ দেশে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্, জুলই ২৩, ২০২৬

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এর মধ্যবর্তী সংস্করণে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। এই অবস্থান উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে ভাগ করে নিয়েছে বাংলাদেশ।

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধায় ৩৫টি দেশে ভ্রমণ করতে পারবেন। তবে গত বছর এই সংখ্যা ছিল ৩৭।

সূচকটি ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে কোনো দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়াই কতটি দেশে প্রবেশ করতে পারেন, সেটিকেই মূল্যায়নের প্রধান মানদণ্ড হিসেবে ধরা হয়েছে।

গত বছরের তুলনায় তিন ধাপ এগোলেও বাংলাদেশ এখনও দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের তুলনায় পিছিয়ে রয়েছে। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, যার অবস্থান ৫২তম। দেশটির নাগরিকরা ৯৩টি গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পান।

এ অঞ্চলে ভারতের অবস্থান ৮১তম (৫৫টি গন্তব্য), ভুটান ৮৮তম (৪৭টি), মিয়ানমার ৯১তম (৪৩টি), শ্রীলঙ্কা ৯৪তম (৩৯টি), বাংলাদেশ ৯৭তম (৩৫টি), নেপাল ৯৮তম (৩৪টি) এবং পাকিস্তান ১০১তম (২৯টি গন্তব্য)।

এবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯২টি গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন।

Nagad

দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত, যাদের নাগরিকরা ১৮৮টি গন্তব্যে ভ্রমণের সুযোগ পান। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন (১৮৭টি গন্তব্য)।

অন্যদিকে তালিকার একেবারে শেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান। দেশটির নাগরিকরা মাত্র ২২টি গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন।