হোয়াটসঅ্যাপে গোসলের ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেইল, কারাগারে দুই যুবক
রংপুর নগরীর হারাগাছ থানা এলাকায় এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে টাকা দাবি, যৌন সম্পর্কের প্রস্তাব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে রংপুর আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তাররা হলেন, রংপুর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এমদাদুল হক (৩২) এবং একই এলাকার মোকারেম ওরফে মোকা (২০)।
মামলার তদন্ত কর্মকর্তা হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব রহমান জানান, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী এমদাদুল হককে আসামি করে থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমদাদুল জানান, প্রতিবেশী মোকারেমের কাছ থেকে তিনি ওই ভিডিও পেয়েছিলেন। পরে মোকারেমকেও আটক করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রায় সাত মাস আগে মোকারেম গোপনে ওই নারীর গোসলের ভিডিও ধারণ করেন। পরে গত ২০ জুলাই ভিডিওটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করেন। ভুক্তভোগী সাড়া না দিলে ভিডিওটি এমদাদুলের কাছে পাঠিয়ে দেন তিনি।
অভিযোগ রয়েছে, ২২ জুলাই গভীর রাতে এমদাদুলও একই ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ভুক্তভোগীকে যৌন সম্পর্কের প্রস্তাব দেন এবং বিভিন্ন বার্তা পাঠিয়ে চাপ সৃষ্টি করেন।
তদন্ত কর্মকর্তা জানান, দুই আসামির ব্যবহৃত মোবাইল ফোনে ভুক্তভোগীর ভিডিও ও সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ বার্তার প্রমাণ পাওয়া গেছে। আলামত হিসেবে মোবাইল ফোন দুটি জব্দ করা হয়েছে।
রংপুর আদালতের পরিদর্শক আবু সাঈদ চৌধুরী জানান, আদালতের নির্দেশে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

