অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:২৯ অপরাহন, জুলই ২৫, ২০২৬

নিট ভর্তি পরীক্ষা প্রশ্নফাঁস ও অনিয়মকে কেন্দ্র করে টানা আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

শনিবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তৃতীয় দফা আলোচনার কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান। পরে তিনি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠান।

গত এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালনকারী আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রশ্নে সমঝোতা হয়নি।

আন্দোলনকারীদের দাবি ছিল, শিক্ষামন্ত্রীকে অপসারণ, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ।

পদত্যাগের ঘোষণায় ধর্মেন্দ্র প্রধান বলেন, দেশের তরুণদের আকাঙ্ক্ষা, অনুভূতি ও ন্যায্য প্রত্যাশার প্রতি তিনি গভীর শ্রদ্ধাশীল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশসেবার সুযোগ দেওয়ার জন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Nagad

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের মধ্যে উল্লাস দেখা যায়। সিজেপি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ছাত্রশক্তির জয় হোক’ লিখে প্রতিক্রিয়া জানায়। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, ‘যারা বলেছিল এই সরকারে কেউ পদত্যাগ করে না, আমরা তাদের ভুল প্রমাণ করেছি।’

নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহে ভারতের বিভিন্ন শহরে শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনকে সমর্থন জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোও। এর ফলে বিষয়টি দেশটির অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়।