সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
শনিবার (২৫ জুলাই) তৃতীয় দফা সরকারি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে নয়াদিল্লির যন্তর-মন্তরে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে উপস্থিত ছিলেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও অশুতোষ রাঙ্কা।
সৌরভ দাস বলেন, ‘সরকার আমাদের দাবিগুলো মেনে নিয়েছে। তাই আমরা আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’
অশুতোষ রাঙ্কা বলেন, ‘৩৬ দিনের আন্দোলনের পর সরকার আমাদের সব দাবি মেনে নিয়েছে। আমরা সবাইকে শান্তিপূর্ণভাবে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।’
সিজেপির প্রধান দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সেই দাবি পূরণ হওয়ার পাশাপাশি আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে প্রচলিত বিধি অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার।
এর আগে শনিবার ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এরপর সরকার ও সিজেপির মধ্যে তৃতীয় দফা আলোচনায় সমঝোতা হলে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত আসে।
সিজেপি জানিয়েছে, সরকারের সঙ্গে সমঝোতার অগ্রগতি পর্যালোচনায় আগামী চার সপ্তাহের মধ্যে উভয় পক্ষের মধ্যে আরও এক দফা বৈঠক অনুষ্ঠিত হবে।

