ছাত্র ইউনিয়ন ছাড়লেন মেঘমল্লার বসু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৪২ অপরাহন, জুলই ২৫, ২০২৬

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদও পদত্যাগ করেছেন। এছাড়া সাংগঠনিক বাস্তবতার কারণে সহসভাপতি নাজিফা জান্নাতকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা ও স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) সৃষ্টি হতে পারে। এ বিবেচনায় তারা স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন।

ছাত্র ইউনিয়ন জানায়, তাদের পদত্যাগের কারণ ও রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। একই প্রেক্ষাপট ও সাংগঠনিক বাস্তবতার কারণে সহসভাপতি নাজিফা জান্নাতকেও সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের আদর্শ ও সাংগঠনিক স্বচ্ছতা রক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে একাধিক রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন ছাত্র ইউনিয়নের সাংগঠনিক নীতির পরিপন্থি।

এদিকে পদত্যাগ গৃহীত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেঘমল্লার বসু লিখেছেন, ছাত্র ইউনিয়ন তার কাছে একটি রাজনৈতিক শিক্ষার স্কুলের মতো। সংগঠনের শিক্ষা ও আদর্শ তার মধ্যে সবসময় থাকবে এবং স্বৈরাচার, সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের লড়াই অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Nagad

উল্লেখ্য, চলতি বছরের ১৬ জানুয়ারি জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় বাম ও মধ্যপন্থী তরুণদের উদ্যোগে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)-এর প্রতিষ্ঠাকালীন ১০১ সদস্যের কাউন্সিলে যুক্ত হন মেঘমল্লার বসু ও মাঈন আহমেদ। এরপরই তারা ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে সরে দাঁড়ান।