যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছর স্থগিতের বিল সিনেটে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:২০ অপরাহন, জুলই ২৭, ২০২৬

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এইচ-১বি ভিসা কর্মসূচি তিন বছরের জন্য স্থগিত করার প্রস্তাব দিয়ে একটি বিল উত্থাপন করা হয়েছে। বিলটিতে এই ভিসার আবেদন ফি ১ লাখ ডলারে উন্নীত করারও সুপারিশ করা হয়েছে।

গত বৃহস্পতিবার মন্টানা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর টিম শিহি বিলটি উত্থাপন করেন। সিনেটে বিলের পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এইচ-১বি ভিসার মূল উদ্দেশ্য ছিল বিশেষায়িত দক্ষ কর্মীর ঘাটতি পূরণ করা, কম বেতনে বিদেশি কর্মী এনে মার্কিন নাগরিকদের কর্মসংস্থান কমানো নয়।

বিলে প্রস্তাব করা হয়েছে, তিন বছর পর কর্মসূচি পুনরায় চালু হলে ভিসা ফি ১ লাখ ডলার নির্ধারণ, বার্ষিক এইচ-১বি ভিসার কোটা ২৫ হাজারে নামিয়ে আনা, ন্যূনতম বার্ষিক বেতন ২ লাখ ডলার বাধ্যতামূলক করা এবং বর্তমান লটারি পদ্ধতির পরিবর্তে মজুরি-ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু করা হবে। এছাড়া তৃতীয় পক্ষের মাধ্যমে কর্মী নিয়োগও নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে।

এ ছাড়া অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচি বাতিল, এইচ-১বি ভিসা থেকে স্থায়ী বসবাসের সুযোগ সীমিত করা এবং এইচ-শ্রেণির ভিসাধারীদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে আনার সুযোগ সীমিত করার প্রস্তাবও রয়েছে।

অভিবাসন আইনজীবীদের মতে, প্রস্তাবিত বিলটি পাস হলে যুক্তরাষ্ট্রের দক্ষ অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, কয়েক সপ্তাহ আগে একটি ফেডারেল আপিল আদালত ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ১ লাখ ডলারের এইচ-১বি ফি পুনর্বহাল করতে অস্বীকৃতি জানায়। ফলে নিম্ন আদালতের সেই রায় বহাল থাকে, যেখানে এ ফিকে কংগ্রেসের অনুমোদন ছাড়া আরোপিত অবৈধ কর হিসেবে উল্লেখ করা হয়েছিল।

Nagad

বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ৬৫ হাজার এইচ-১বি ভিসা দেওয়া হয়। এছাড়া উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত ২০ হাজার ভিসা সংরক্ষিত রয়েছে। ভারত, চীনসহ বিভিন্ন দেশের দক্ষ কর্মী নিয়োগে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই কর্মসূচি ব্যাপকভাবে ব্যবহার করে।