নির্দোষ হয়েও আজ অপরাধী: আদালতে আইভী
নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি উপস্থিত হন।
আদালতে হাজিরার সময় ডা. আইভীকে হাস্যোজ্জ্বল দেখা যায়। তিনি আদালত প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মী ও অনুসারীদের সঙ্গে কথা বলেন। পরে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আদালতকক্ষে প্রবেশ করেন। আদালতে তার আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘নির্দোষ হয়েও আজ অপরাধী। সবসময় নারায়ণগঞ্জে প্রতিবাদ করেছি। হত্যার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। অথচ আজ আমাকেই অপরাধী হতে হয়েছে। আল্লাহ আছেন, নারায়ণগঞ্জবাসী আছেন-তারা সব দেখবেন।’
তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আইভীর হাজিরার দিন নির্ধারিত ছিল। তিনি বর্তমানে এ মামলায় জামিনে রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে আসামির পরিবর্তে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। দীর্ঘদিন কারাভোগের পর চলতি বছরের ৩ জুন তিনি জামিনে মুক্তি পান।

