আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, একের পর এক শহরে বিস্ফোরণ
পাঁচ দিনের বিরতির পর আবারও ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টা থেকে শুরু হওয়া হামলায় দক্ষিণ ইরানের আবাদান, বন্দর আব্বাস, বুশেহর, কেশমসহ একাধিক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
রয়টার্সের বরাত দিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলার চেষ্টার জবাব হিসেবে এ অভিযান চালানো হচ্ছে।
এর আগে বুধবার মিসরের দামিয়েত্তা বন্দরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাসবাহী ট্যাংকারে ইরানি ড্রোন আঘাত হানে বলে দাবি করে যুক্তরাষ্ট্র। একই সময়ে জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
এসব ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘খুব কঠোর’ জবাব দেওয়ার ঘোষণা দেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, খুজেস্তান প্রদেশের আবাদানে কয়েকটি স্থাপনায় হামলা হয়েছে। এছাড়া হরমোজগান প্রদেশের বন্দর আব্বাস, আবু মুসা, কিশ ও কেশম দ্বীপেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুশেহর প্রদেশে, যেখানে ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত, সেখানেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম জানিয়েছে, কেশম দ্বীপে শহরের ভেতরে তিনটি বিস্ফোরণ হয়েছে। স্থানীয়দের বরাতে তারা দাবি করেছে, একটি ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

