কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না এবং প্রযুক্তির সুফল থেকে কেউ বঞ্চিত হবে না।
শনিবার (১ আগস্ট) রাজধানীর গ্রীন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে আয়োজিত ‘যুব প্রতিবন্ধীদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রতিবন্ধিতা কোনো সীমাবদ্ধতা নয়। সঠিক সুযোগ, প্রশিক্ষণ ও প্রযুক্তির সহায়তা পেলে প্রতিবন্ধী তরুণ-তরুণীরাও দেশের ডিজিটাল রূপান্তর ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ কারণে তাদের ডিজিটাল দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রযুক্তিনির্ভর অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার কাজ চলছে, যেখানে সমাজের সব শ্রেণির মানুষের জন্য প্রযুক্তির সমান সুযোগ নিশ্চিত করা হবে।
মন্ত্রী আরও বলেন, জাতীয় আইটি প্রতিযোগিতা প্রতিবন্ধী তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তিনি আশা প্রকাশ করেন, আগামী অক্টোবরে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য গ্লোবাল আইটি কম্পিটিশন ফর ইয়ুথ উইথ ডিজঅ্যাবিলিটিজ (জিআইটিসি)-এ বাংলাদেশের প্রতিনিধিরা সাফল্য অর্জন করবেন। এ সময় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাওয়া চার বিজয়ীকে ব্যক্তিগতভাবে সহযোগিতারও ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক নাহিদ সুলতানা মল্লিক বলেন, এ প্রতিযোগিতা প্রতিবন্ধী তরুণদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তিনি জানান, ভবিষ্যতেও বিসিসি, সিএসআইডি এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক যৌথভাবে এ আয়োজন আরও বড় পরিসরে চালিয়ে যাবে।
এবার প্রতিযোগিতার দশম আসরে দৃষ্টি, শারীরিক, বাক ও শ্রবণ এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার—এই চার বিভাগে মোট ৭০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিটি বিভাগ থেকে তিনজন করে মোট ১২ জনকে পুরস্কৃত করা হয়।
জাতীয় পর্যায়ে চার বিভাগের চ্যাম্পিয়ন হয়েছেন মো. শাকিল মিয়া (দৃষ্টি প্রতিবন্ধী), শেখ ইয়ামিন আহসান (শারীরিক প্রতিবন্ধী), নাহিন সিরাজ (বাক ও শ্রবণ প্রতিবন্ধী) এবং আরিয়ান ইসলাম (নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার)। তারা আগামী অক্টোবরে ভিয়েতনামে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

