‘পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, হতে হবে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০২ অপরাহন, গাস্ট ২, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। জনগণের আস্থা অর্জনে পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে।

রোববার (২ আগস্ট) রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের সমাপনী কুচকাওয়াজ-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাস্তব কর্মজীবনে দায়িত্ব পালনের সময় চেইন অব কমান্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং জনগণের নিরাপত্তা ও আস্থা ফিরিয়ে আনতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

তিনি দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দিয়ে বলেন, ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তায় দক্ষতা অর্জনের মাধ্যমে পুলিশ সদস্যদের জনগণের প্রকৃত বন্ধু ও সেবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে নবীন পুলিশ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

এর আগে তিনি মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার পর প্রশিক্ষণ সম্পন্ন করা ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের অভিনন্দন জানান।

Nagad

ছয় মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করেন। প্রশিক্ষণটি শুরু হয়েছিল চলতি বছরের ১ ফেব্রুয়ারি।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ড. মো. নূরুল হুদা ভুঁইয়া ‘বেস্ট প্রবেশনার’ ও ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’ পুরস্কার অর্জন করেন। ‘বেস্ট অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড’ পান আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং ‘বেস্ট শ্যুটার’ নির্বাচিত হন এ.বি.এম. মামুন।

সমাপনী কুচকাওয়াজ শেষে নবীন সহকারী পুলিশ সুপারদের বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে বাস্তব প্রশিক্ষণের জন্য পদায়ন করা হবে।