‘জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ৭৫ জন নিহতের তথ্য পাওয়া গেছে’
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন ঘিরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ৭৫ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
রোববার (২ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ীর নবী টাওয়ারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী: শহীদ পরিবার ও আহতদের গণশুনানি’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, প্রাথমিকভাবে সংগৃহীত তথ্য অনুযায়ী যাত্রাবাড়ীতে ৭৫ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫ আগস্ট, শেখ হাসিনা দেশত্যাগের দিনই ৫০ থেকে ৫৫ জন নিহত হন।
তিনি বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চলমান তদন্তে ভুক্তভোগী পরিবার, প্রত্যক্ষদর্শী ও আহতদের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সাক্ষ্য-প্রমাণ বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনে আহত ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাদের বক্তব্য গ্রহণ করে তদন্ত কার্যক্রমে অন্তর্ভুক্ত করার কথা জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
চিফ প্রসিকিউটর আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনের আওতায় বিচার নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে। গণশুনানিতে পাওয়া তথ্য ও সাক্ষ্য যথাযথভাবে যাচাই-বাছাই করে বিচারিক কার্যক্রমে উপস্থাপন করা হবে বলেও জানান।

