ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত কয়েকজন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৫০ অপরাহন, গাস্ট ৪, ২০২৬

রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে মাদরাসা ক্যাম্পাসে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হল দখলকে কেন্দ্র করে দুই ছাত্রসংগঠনের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। বিকেলে সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষে জড়ানোর দৃশ্য দেখা গেছে। ভিডিওগুলোতে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পরে আহতদের সহপাঠীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তাৎক্ষণিকভাবে আহতদের সঠিক সংখ্যা ও পরিচয় জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুই পক্ষের মাঝখানে পুলিশ অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।

Nagad